যশোর থেকে ই-কমার্স ডাক মেলা শুরু
যশোর থেকে শুরু হলো ৮ বিভাগের ই-কমার্স ডাক মেলা। দুই মাস ধরে দেশের প্রতিটি বিভাগে অনুষ্ঠিত হবে এই মেলা।
শনিবার (৭ মার্চ) শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে মেলার উদ্বোধন করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম।
ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সারের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ, পুলিশ সুপার আশরাফ হোসেন, অতিরিক্ত পোস্ট মাস্টার জেনারেল আবু তালেব, বাক্য প্রেসিডেন্ট ওয়াহিদুর রহমান শরীফ, ই-ক্যাব ভাইস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদ, ই-ক্যাব ডিরেক্টর জিয়া আশরাফ।
মেলা প্রাঙ্গনে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর পণ্য ও সেবার অফলাইন প্রদর্শনীর পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে ৩টি সেমিনার। উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘নারী উদ্যোক্তাদের ই-কমার্স সেবায় তথ্যআপা’ নিয়ে অনুষ্ঠিত হয়েছে অ্যাপটির ব্যবহার ও সমৃদ্ধি বিষয়ক সেমিনার।
দুপুরের সেমিনারে আলোচনা হয়েছে গ্রামীণ প্রেক্ষাপটে ক্রস বর্ডার ই কমার্সে উদ্যোক্তাদের সম্ভাবনার বিষয়টি।
এদিকে মেলা চলাকালে অনলাইনে ই-কমার্স ও এফ-কমার্স ব্যবসায়ের আইনি বিষয় নিয়ে ই-ক্যাব এর অর্থ সচিব মোহাম্মাদ আব্দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ওয়েব সেমিনার।
ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর জাতীয় বাণিজ্যিক সংগঠন ই-ক্যাবের উদ্যোগে মেলার সহ-আয়োজক এসএসএল কমার্জ, ই-পোস্ট, ফ্লাইট এক্সপোর্ট, প্রিয়শপ ও কম্পিউটার জগত।